লেখার নিয়মাবলি
গল্পঘরে প্রথম পর্ব জমা দেওয়ার আগে প্রত্যেক লেখককে এই নিয়মাবলিতে সম্মতি দিতে হয়। নিয়ম বদলালে অ্যাপ নতুন সংস্করণে আবার সম্মতি চাইবে।
১. শুধু নিজের লেখা
- গল্পঘরে শুধু নিজের লেখা মৌলিক গল্প প্রকাশ করা যায়। প্রতিটি গল্পে এই ঘোষণা দিতে হয়।
- বই, পত্রিকা, ওয়েবসাইট, ফেসবুক পোস্ট বা অন্য লেখকের লেখা থেকে নকল করা যাবে না, অংশবিশেষও নয়।
- অন্যের লেখার অনুবাদ চলবে না, ফ্যান-অনুবাদও নয়।
- কপিরাইট থাকা কাহিনির চরিত্র নিয়ে গল্প লেখা যাবে না, যেমন হিমু, মিসির আলি, মাসুদ রানা, ফেলুদা বা ব্যোমকেশ।
- জমা দেওয়া প্রতিটি পর্ব পরিচিত বইয়ের লেখা ও অ্যাপের অন্য গল্পের সঙ্গে স্বয়ংক্রিয়ভাবে মিলিয়ে দেখা হয়। মিল পেলে পর্বটি প্রকাশের আগে পর্যালোচনায় যায়।
২. প্রাপ্তবয়স্ক বিষয় চলবে, অশ্লীলতা নয়
- প্রেম, সম্পর্ক, দাম্পত্য, কামনা, অপরাধ বা মানুষের অন্ধকার দিক নিয়ে যেকোনো ধরনের সাহিত্য লেখা যায়।
- যে গল্পে যৌনতা, তীব্র সহিংসতা বা মাদকের মতো প্রাপ্তবয়স্ক বিষয় গুরুত্ব পায়, সেটি “১৮+” হিসেবে চিহ্নিত করতে হবে। ১৮+ গল্পে পাঠকেরা এই চিহ্ন দেখেন, যাতে খোলার আগেই জানতে পারেন।
- যৌনতা ইঙ্গিতে ও সংযত ভাষায় লেখা যায়। যৌনাঙ্গ বা যৌনক্রিয়ার খোলামেলা, বিস্তারিত বর্ণনা প্রকাশ করা যাবে না। যে লেখার মূল উদ্দেশ্যই যৌন উত্তেজনা তৈরি, কিংবা যাতে অশ্লীল শব্দ ও গালাগালি অকারণে ব্যবহার করা হয়, তা-ও নয়।
- ধর্ষণ বা যৌন নির্যাতনকে উপভোগ্য বা প্রশংসনীয় করে দেখানো যাবে না। কাহিনির প্রয়োজনে এমন ঘটনার উল্লেখ থাকতে পারে, বিস্তারিত বর্ণনা নয়।
- ১৮ বছরের কম বয়সী কাউকে জড়িয়ে কোনো যৌন বা যৌন-ইঙ্গিতপূর্ণ বিষয় কোনো অবস্থাতেই প্রকাশ করা যাবে না, গল্পের ছলেও নয়, ১৮+ গল্পেও নয়। এমন লেখা পেলে অ্যাকাউন্ট সঙ্গে সঙ্গে বন্ধ করা হয় (শিশু সুরক্ষা মান)।
- যে গল্প ১৮+ হওয়ার কথা অথচ সাধারণ হিসেবে চিহ্নিত, পর্যালোচক সেটিকে ১৮+ করে দিতে পারেন। ১৮+ হিসেবে প্রকাশিত গল্প লেখক নিজে আর সাধারণ গল্প করতে পারেন না।
৩. মানুষের প্রতি সম্মান
- ধর্ম, জাতি, লিঙ্গ, প্রতিবন্ধিতা বা অন্য কোনো পরিচয়ের কারণে ঘৃণা ছড়ানো লেখা চলবে না।
- বাস্তব কোনো মানুষকে হয়রানি, অপমান বা তাঁর নামে মিথ্যা অভিযোগ করা যাবে না; কারও ব্যক্তিগত তথ্য প্রকাশ করা যাবে না।
৪. থ্রিলার ও ভৌতিক গল্পে সহিংসতা
- কাহিনির প্রয়োজনে অপরাধ, রহস্য, ভয় ও সহিংসতা থাকতে পারে।
- বাস্তব সন্ত্রাসের প্রশংসা, অস্ত্র বা বিস্ফোরক তৈরির নির্দেশনা, কিংবা আত্মক্ষতির পদ্ধতি লেখা যাবে না।
৫. স্প্যাম নয়
- বিজ্ঞাপন, লিংক, ফোন নম্বর বা টাকা চাওয়ার কথা পর্বে লেখা যাবে না।
- একই লেখা বারবার বা ভিন্ন নামে জমা দেওয়া যাবে না।
মন্তব্য ও রেটিং
- সাইন ইন করা পাঠক গল্পে (পর্বে নয়) মন্তব্য করতে ও ১ থেকে ৫ তারা রেটিং দিতে পারেন। নিজের গল্পে রেটিং দেওয়া যায় না।
- প্রতিটি মন্তব্য পর্যালোচনার পর প্রকাশিত হয়। ওপরের নিয়মগুলো মন্তব্যেও প্রযোজ্য; লিংক, ফোন নম্বর, গালাগালি, হয়রানি ও অন্যকে বিরক্ত করার উদ্দেশ্যে গল্পের রহস্য ফাঁস করা মন্তব্য প্রকাশ করা হয় না।
- লেখক নিজের গল্পে মন্তব্য করলে তাঁর লেখক নাম দেখা যায়; অন্য সব মন্তব্যে অ্যাকাউন্টের নাম।
পর্যালোচনা ও সতর্কতা
- প্রতিটি নতুন গল্প প্রথম প্রকাশের আগে পর্যালোচনা করা হয়। গল্পটি অনুমোদনের পর পরের পর্বগুলো সরাসরি প্রকাশিত হয়। নকলের সন্দেহ হলে বা রিপোর্ট এলে যেকোনো পর্ব আবার পর্যালোচনায় যেতে পারে।
- ১৮+ গল্পের প্রতিটি পর্ব, এবং প্রকাশিত পর্বের প্রতিটি সম্পাদনা, পর্যালোচনার পর প্রকাশিত হয়।
- পাঠকেরা যেকোনো গল্প, পর্ব বা লেখককে রিপোর্ট করতে পারেন। সাইন ইন করা কয়েকজন পাঠক রিপোর্ট করলে (শিশুর নিরাপত্তা নিয়ে হলে তিনজন) লেখাটি সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত লুকানো থাকে। শিশুর নিরাপত্তা নিয়ে প্রতিটি রিপোর্ট সঙ্গে সঙ্গে পর্যালোচনা করা হয়।
- নিয়ম ভাঙলে লেখা সরিয়ে দেওয়া হতে পারে এবং অ্যাকাউন্টে সতর্কতা যোগ হয়। তিনটি সতর্কতা হলে অ্যাকাউন্ট স্থগিত হয়।